IHT ও MATS এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে ২৭ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন পুরোটাই হয় টেলিটকের ওয়েবসাইটে, আর একটা ছোট ভুলেও (যেমন পছন্দক্রম ঠিকমতো না সাজানো বা ভুল সাইজের ছবি) ঝামেলা হতে পারে। তাই এই লেখায় একদম শুরু থেকে প্রবেশপত্র ডাউনলোড পর্যন্ত প্রতিটি ধাপ স্ক্রিন ধরে ধরে বুঝিয়ে দেওয়া হলো।
এক নজরে IHT MATS ভর্তি ২০২৬-২৭
| আবেদনের ওয়েবসাইট | dgme.teletalk.com.bd/iht_mats |
| আবেদন শুরু | ২৭ অক্টোবর ২০২৬ |
| আবেদনের শেষ সময় | ০৬ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৯ মি. |
| ফি জমার শেষ সময় | ০৭ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৯ মি. |
| আবেদন ফি | ৮০০ টাকা (শুধু টেলিটক প্রিপেইড, অফেরতযোগ্য) |
| প্রবেশপত্র ডাউনলোড | ০৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১০ নভেম্বর রাত ১১:৫৯ মি. |
| ভর্তি পরীক্ষা | ১৩ নভেম্বর ২০২৬ (শুক্রবার), সকাল ১০টা থেকে ১১টা |
| মোট আসন (সরকারি) | ২৩টি IHT তে ৩৬১৯টি, ৭টি MATS এ ৬৬৪টি |
বিজ্ঞপ্তির বিস্তারিত পড়তে পারেন এখানে: IHT MATS ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২৭।
আবেদনের আগে যোগ্যতা মিলিয়ে নিন
- বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে এসএসসি বা সমমান পাস হতে হবে।
- বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে, মোট জিপিএ কমপক্ষে ৩.০০।
- এসএসসিতে জীববিজ্ঞান থাকতে হবে এবং জীববিজ্ঞানে কমপক্ষে জিপিএ ২.০০ থাকতে হবে।
- O Level / A Level পাস শিক্ষার্থীদের আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে Equivalence Certificate নিয়ে ID নম্বর সংগ্রহ করতে হবে।
একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ: একজন শিক্ষার্থী IHT অথবা MATS, যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। IHT সিলেক্ট করলে MATS এর জন্য বিবেচিত হবেন না, আবার MATS সিলেক্ট করলে IHT এর জন্য না। তাই আগে ঠিক করে নিন কোন কোর্সে যাবেন।
ধাপে ধাপে IHT MATS অনলাইন আবেদন করার নিয়ম
ধাপ ১: ওয়েবসাইটে ঢুকে Application Form এ ক্লিক করুন
ব্রাউজারে dgme.teletalk.com.bd/iht_mats লিখে ঢুকুন। হোম পেজে Application Form অপশনে ক্লিক করুন। এখানে Advertisement লিংকে অফিসিয়াল বিজ্ঞপ্তির PDF ও পাওয়া যাবে, আবেদনের আগে একবার পড়ে নেওয়া ভালো। ফোনের চেয়ে কম্পিউটার বা ল্যাপটপে আবেদন করলে ভুল কম হয়।

টিপস: https দিয়ে সাইট না খুললে ঠিকানার শুরুতে http:// লিখে চেষ্টা করুন।
ধাপ ২: প্রোগ্রাম সিলেক্ট করুন
Available Programs অংশে দুটি অপশন থাকবে:
- Diploma Course in Institute of Health Technology (IHT) [2026-2027]
- Diploma Course in Medical Assistant Training School (MATS) [2026-2027]
যেটায় ভর্তি হতে চান সেটা সিলেক্ট করে Next চাপুন।

ধাপ ৩: এসএসসি তথ্য দিয়ে ভেরিফিকেশন
এই পেজে প্রথমে Curriculum Selection করতে হবে। সাধারণ শিক্ষার্থীরা National Curriculum (SSC/Equivalent) নেবেন। O Level বা Departmental প্রার্থী হলে দ্বিতীয় অপশনটি নেবেন। এরপর দিন:
- Examination (যেমন S.S.C)
- Board
- Roll No
- Registration No
- Passing Year
সব ঠিকঠাক দিয়ে Next চাপলে বোর্ডের সার্ভার থেকে আপনার তথ্য যাচাই হবে।

ধাপ ৪: ব্যক্তিগত তথ্য পূরণ
এসএসসির তথ্য মিললে নতুন পেজে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম ও জন্মতারিখ ইংরেজিতে নিজে থেকেই চলে আসবে। আপনাকে যা পূরণ করতে হবে:
- নিজের, বাবার ও মায়ের নাম বাংলায়
- Nationality, Religion
- National ID, Birth Registration, Passport ID: যেটা আছে সেটায় Yes দিয়ে নম্বর লিখুন, না থাকলে No
- Marital Status
- Mobile Number ও Confirm Mobile Number (এই নম্বরেই পরে সব SMS আসবে, তাই সচল নম্বর দিন)
- Quota (প্রযোজ্য না হলে Not Applicable)
ধাপ ৫: বর্তমান ও স্থায়ী ঠিকানা
Present Address এ Care Of, গ্রাম/রোড/বাসা, District, Upazila/P.S., Post Office ও Post Code দিন। স্থায়ী ঠিকানা একই হলে Same as Present Address বক্সে টিক দিলেই স্থায়ী ঠিকানা নিজে থেকে পূরণ হয়ে যাবে।
ধাপ ৬: এসএসসির তথ্য মিলিয়ে দেখুন
SSC/Equivalent Level অংশে আপনার বোর্ড, রোল, জিপিএ, গ্রুপ ও পাসের সাল নিজে থেকেই দেখাবে। এখানে কিছু লিখতে হয় না, শুধু ঠিক আছে কিনা মিলিয়ে নিন।
ধাপ ৭: ইনস্টিটিউট ও বিষয় পছন্দক্রম (সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ)
Institute & Subject Choice অংশে বাম পাশে Available Institute & Subjects তালিকা থাকে, প্রতিটির সাথে একটা কোড। যেমন [111] Dhaka IHT (Laboratory), [124] Rajshahi IHT (Dentistry), [133] Bogura IHT (Physiotherapy)।
- যে বিষয়টা সবচেয়ে বেশি চান সেটা সিলেক্ট করে মাঝের ডান তীর (>) বাটনে চাপুন। সেটা ডান পাশে Choice Sequence এ ১ নম্বরে চলে যাবে।
- এভাবে একটার পর একটা পছন্দের ক্রমে যোগ করুন।
- ভুল হলে ডান পাশ থেকে সিলেক্ট করে বাম তীর (<) চাপলে বাদ যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী IHT ও MATS দুই ক্ষেত্রেই সব সরকারি প্রতিষ্ঠানের পছন্দক্রম আবশ্যিকভাবে দিতে হবে। অর্থাৎ বাম পাশের তালিকা খালি না হওয়া পর্যন্ত সবগুলো ডান পাশে নিতে হবে, শুধু ক্রমটা আপনার পছন্দমতো সাজাবেন।
পছন্দক্রম সাজানোর কিছু পরামর্শ:
- আগে ঠিক করুন আপনার কাছে বিষয় বড় না প্রতিষ্ঠান বড়। কেউ যেকোনো জায়গায় Laboratory চান, কেউ আবার ঢাকায় থাকতে চান।
- যে বিষয় বা প্রতিষ্ঠানে একদমই পড়তে চান না, সেগুলো তালিকার একদম শেষে রাখুন।
- মেধাক্রম আর এই পছন্দক্রম মিলিয়েই সিট দেওয়া হয়, পরে মাইগ্রেশনও এই ক্রম ধরেই হয় (সর্বোচ্চ তিনবার)। তাই তাড়াহুড়া না করে ভেবে সাজান।
ধাপ ৮: পরীক্ষা কেন্দ্র, ভেরিফিকেশন কোড ও সাবমিট
Exam Center ড্রপডাউন থেকে আপনার সুবিধামতো কেন্দ্র বেছে নিন। এরপর ছবিতে যে কোডটি দেখাচ্ছে সেটা হুবহু লিখুন (না বোঝা গেলে Refresh এ ক্লিক করে নতুন কোড নিন)। ঘোষণার বক্সে টিক দিয়ে Submit চাপুন।
ধাপ ৯: প্রিভিউ দেখে ছবি ও স্বাক্ষর আপলোড
Submit করার পর একটা প্রিভিউ পেজ আসবে। এখানে নাম, জন্মতারিখ, ঠিকানা, পছন্দক্রম সব আরেকবার মিলিয়ে নিন। এরপর একই পেজে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে:
| সাইজ | ফরম্যাট | ফাইল সাইজ | |
| ছবি | ৩০০ x ৩০০ পিক্সেল | .jpg | ৪ KB থেকে ১০০ KB |
| স্বাক্ষর | ৩০০ x ৮০ পিক্সেল | .jpg | ৩ KB থেকে ৬০ KB |

রঙিন ছবি দিতেই হবে। সাদাকালো বা গ্রেস্কেল ছবি গ্রহণ করা হবে না, আর সিস্টেমে Facial Recognition আছে, তাই সেলফি বা অস্পষ্ট ছবি দেবেন না। ছবি ও স্বাক্ষর দেওয়ার পর আবার ঘোষণার বক্সে টিক দিয়ে Submit করুন।
ধাপ ১০: Applicant’s Copy ডাউনলোড করুন
সাবমিট সফল হলে Applicant’s Copy আসবে, যেখানে উপরে UNPAID লেখা থাকবে। এখানে আপনার User ID দেওয়া থাকে। কপিটি ডাউনলোড করে প্রিন্ট বা সেভ করে রাখুন, User ID ছাড়া ফি জমা দেওয়া যাবে না। পরে কপি হারালে হোম পেজের Download Applicant’s Copy থেকে আবার নামানো যায়, আর User ID ভুলে গেলে Recover User অপশন আছে।
ধাপ ১১: টেলিটক দিয়ে ৮০০ টাকা ফি জমা দিন
ফি জমা দিতে হবে শুধু টেলিটক প্রিপেইড সিম থেকে, ০৭ নভেম্বর রাত ১১:৫৯ মিনিটের মধ্যে। সাধারণত টেলিটকের ১৬২২২ নম্বরে দুইটি SMS পাঠাতে হয়: প্রথমটিতে User ID পাঠালে ফিরতি SMS এ একটি PIN আসে, দ্বিতীয়টিতে সেই PIN দিয়ে কনফার্ম করতে হয়। সঠিক SMS ফরম্যাট আপনার Applicant’s Copy তে লেখা থাকবে, সেটা হুবহু অনুসরণ করুন। সিমে আগে থেকে ৮০০ টাকার বেশি ব্যালেন্স রাখুন।

টাকা কাটার পর হোম পেজের Payment Status থেকে নিশ্চিত হয়ে নিন পেমেন্ট সফল হয়েছে। এরপর Applicant’s Copy আবার ডাউনলোড করলে UNPAID এর জায়গায় PAID দেখাবে।

ধাপ ১২: প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড
০৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১০ নভেম্বর রাত ১১:৫৯ মিনিটের মধ্যে ওয়েবসাইটের Admit Card অপশন থেকে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে রাখুন। পরীক্ষার হলে এটা লাগবে, আর ভর্তির সময়ও প্রবেশপত্র জমা দিতে হয়। এই সময়ের আগে Admit Card পেজে ঢুকলে “download time is over” লেখা দেখাতে পারে, এতে চিন্তার কিছু নেই।
ভর্তি পরীক্ষার মানবণ্টন ও মেধাতালিকা
পরীক্ষা হবে এসএসসি সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের MCQ, সময় ১ ঘণ্টা।
| বাংলা | ১৫ |
| ইংরেজি | ১৫ |
| গণিত | ১৫ |
| পদার্থবিজ্ঞান | ১৫ |
| রসায়ন | ১৫ |
| জীববিজ্ঞান | ১৫ |
| সাধারণ জ্ঞান | ১০ |
| মোট | ১০০ |
পাস নম্বর ৪০। এসএসসির জিপিএকে দ্বিগুণ করে ১০ নম্বর ধরা হয় (যেমন জিপিএ ৫ হলে ১০, জিপিএ ৪.৫০ হলে ৯), তার সাথে MCQ এর নম্বর যোগ করে জাতীয় মেধাতালিকা হয়। কেন্দ্রীয় পরীক্ষায় ফেল করলে সরকারি বা বেসরকারি কোনো IHT বা MATS এ ভর্তি হওয়া যাবে না।
আবেদনের সময় যে ভুলগুলো অনেকেই করে
- পছন্দক্রম না ভেবে তালিকা যেভাবে আছে সেভাবেই সব ডান পাশে নিয়ে নেওয়া।
- বাংলা নামের বানান এসএসসি সার্টিফিকেটের সাথে না মেলানো।
- সাইজ না মেপে ছবি দেওয়া, বা সাদাকালো ছবি দেওয়া।
- অন্যের বা বন্ধ মোবাইল নম্বর দেওয়া।
- Applicant’s Copy সেভ না করেই পেজ বন্ধ করে দেওয়া।
- শেষ দিনের জন্য ফি জমা রেখে দেওয়া। শেষ দিনে সার্ভার আর SMS দুটোই ধীর হয়ে যায়।
মনে রাখবেন, কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে পরীক্ষা, ফলাফল বা ভর্তি যেকোনো সময় বাতিল হতে পারে।
সাধারণ কিছু প্রশ্ন
IHT আর MATS দুটোতেই কি আবেদন করা যাবে?
না। যেকোনো একটিতে আবেদন করা যাবে।
আবেদন ফি কত?
৮০০ টাকা, শুধু টেলিটক প্রিপেইড থেকে জমা দিতে হবে এবং এটা ফেরতযোগ্য নয়।
কতজন ভর্তি হতে পারবে?
২৩টি সরকারি IHT তে মোট ৩৬১৯টি আসন এবং ৭টি সরকারি MATS এ মোট ৬৬৪টি আসন।
পরীক্ষা কবে?
১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, সকাল ১০টা থেকে ১১টা।
২০২১ সালে এসএসসি পাস করলে কি আবেদন করা যাবে?
না। এবার ২০২২ থেকে ২০২৬ সালের এসএসসি পাস শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।
পরীক্ষার প্রস্তুতি নিন বিব্রেইনারের সাথে
আবেদন শেষ, এবার আসল কাজ প্রস্তুতি। হাতে সময় খুব কম, তাই এসএসসি সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিক আর বেশি বেশি MCQ প্র্যাকটিস এখন সবচেয়ে জরুরি। বিব্রেইনারের IHT & MATS কোর্সে আছে লাইভ ক্লাস, টপিকভিত্তিক MCQ পরীক্ষা আর আগের বছরের প্রশ্নের সমাধান। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ facebook.com/bebrainerihtmats এ মেসেজ দিন অথবা BeBrainer অ্যাপ ডাউনলোড করুন।
তথ্যসূত্র: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তি (স্মারক নং ৫৯.১৪.০০০০.১০৩.৩৪.০০১.২৬.১৪৬৫, তারিখ ২৬/১০/২০২৬), dgme.teletalk.com.bd

One thought on “IHT MATS আবেদন করার নিয়ম ২০২৬-২৭: ধাপে ধাপে অনলাইন আবেদন গাইড (স্ক্রিনশটসহ)”