ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে মধ্যরাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
মধ্যরাত পেরিয়ে গেলেও শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির এক দফা দাবিতে সন্ধ্যা থেকে শুরু হওয়া আন্দোলন রাতভর অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
এর আগে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে পদযাত্রা করে শিক্ষা ভবন মোড়ে এসে অবস্থান নেন। দুপুর ১টার দিকে তারা শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান শুরু করেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে তারা হাইকোর্ট মোড় অবরোধ করেন।
সন্ধ্যায় সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা হাইকোর্ট মোড়ের অবরোধ তুলে নিলেও শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান অব্যাহত রাখেন। সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ প্রকাশ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার বলেন, “গত ১৫ মাস ধরে আমরা আন্দোলন করে ক্লান্ত। কিন্তু অধ্যাদেশ প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। গত ৩ অক্টোবর আমরা এক দফা দাবি ঘোষণা করেছি। আজ সকাল ১০টা থেকে সব কলেজ থেকে আলাদা পদযাত্রা শুরু হয়।”
তিনি আরও বলেন, “জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা হাইকোর্ট মোড় ছেড়ে দিয়েছি, তবে শিক্ষা ভবনের সামনে সারারাত অবস্থান করবো। আগামীকাল সকাল থেকে আরও শিক্ষার্থীরা যোগ দেবেন। অধ্যাদেশ ছাড়া কেউ বাসায় ফিরবে না।”
পরীক্ষার মধ্যেও আন্দোলনে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা উল্লেখ করে তিনি জানান, অনেকের ফাইনাল পরীক্ষা চলছে, কাল চতুর্থ বর্ষের পরীক্ষাও রয়েছে। তবুও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
নাইম হাওলাদার আরও বলেন, “অধ্যাদেশ ছাড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ভবিষ্যৎ নেই। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীরা এখনও ক্লাসে ফিরতে পারেননি। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আমাদের পরিচয় নিশ্চিত করতে হবে।
➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/
➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing